www.HelloBangla.News – রাজনীতি – ৯ ফেব্রুয়ারি, ২০২৫: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে অপেক্ষমান সাংবাদিকদের সামনে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। এদিন তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিমান অবতরণ করেছেন বিকাল ৪টা ৫৮ মিনিটে। যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জায়মা জারনাজ রহমান।
গত ৬ ও ৭ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ এ আমন্ত্রিত হয়ে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি জায়মা জারনাজ রহমান।
বিএনপি মহাসচিব বলেন, “আমাদের যুক্তরাষ্ট্র সফর খুব সফল হয়েছে। যে উদ্দেশ্য ছিল, তা সফল হয়েছে।”
মির্জা ফখরুল বলেন, “ম্যাডাম খালেদা জিয়া ভালো আছেন। ট্রিটমেন্ট চলছে।”
বিএনপি মাহসচিব বলেন, “আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এরজন্য সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম ছিল, সেই রেজিম দায়ী। আমাদের সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে।’
দেশের পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্যদিয়ে অভ্যুত্থানে সফলতা অর্জন করেছে। কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে… আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই।”
তিনি আরও বলেন,“আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে। অস্থিরতা সৃষ্টি হচ্ছে, এরজন্য সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম ছিল, সেই রেজিম দায়ী। আমাদের সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। আমাদের অর্জিত সফলতাকে ধরে রাখতে হলে আমাদের ধীরে ধীরে এগোতে হবে।”
মির্জা ফখরুল বলেন, “একটা অন্ধকারকে আরেকটা অন্ধকার দিয়ে দূর করা যায় না। তাকে আলো দিয়ে দূর করতে হয়। সেই আলোকবর্তিকা জাগিয়ে আমাদের সামনের দিকে যেতে হবে।”
বিএনপি মহাসচিব বলেন, “আমরা সংশ্লিষ্ট সবার কাছে আহ্বান জানাতে চাই, সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, স্থিতিশীলতা রক্ষার জন্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আমাদের কাজ অব্যাহত রাখতে হবে।”
অপারেশন ডেভিল হার্ট নিয়ে জানতে চাইলে মির্জা ফখরুল ফখরুল বলেন, ‘‘আমরা তো বাইরে ছিলাম, ‘ডেভিল হার্ট’ জানি না। ‘ডেভিল হার্ট’ মানে ফ্যাসিস্টকে জানি। এতদিন পর বোধোদয় হয়েছে, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। ’’