www.HelloBangla.News – রাজনীতি – ৭ ফেব্রুয়ারি, ২০২৫: এই অযোগ্য উপদেষ্টা পরিষদ দিয়ে দেশ চলবে না বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, “রাজনৈতিক দলের নেতাকর্মীদের সুনির্দিষ্ট নির্দেশ অতি উৎসাহী কর্মকাণ্ডে যুক্ত হওয়া ঠিক হবে না। মব উসকে দিয়ে নৈরাজ্যের দিকে ঠেলে দিলে তা দেশের জন্য ভালো হবে না।”

আজ শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে পল্টন কলেজ মাঠে শ্রমিক অধিকার পরিষদের কাউন্সিলে এ কথা বলেন তিনি।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, “গণঅভ্যুত্থানের চেতনা বিক্রি করে দল বা দখলবাজি সমর্থনযোগ্য নয়। প্রকাশ্যে সহিংসতা সমর্থন না করার কথা জানিয়ে তিনি বলেন, কোথায় গিয়ে থামতে হয় সেই জ্ঞানটুকু থাকা দরকার।”

নুরুল হক বলেন, “উপদেষ্টাদের অনেকের পরিচিত তাদের তদবিরে শেখ হাসিনার আমলে যেমন মাফিয়াগিরি করেছে, দুর্বৃত্তায়ন করেছেন, তেমনিভাবে তাদের ব্যবসা-বাণিজ্য, কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।”

তিনি বলেন, “রাজনৈতিক ফায়দা লোটার জন্য উসকানি দেয়া হচ্ছে। দেশের স্থিতিশীলতা রক্ষায় নির্বাচিত রাজনৈতিক সরকারের বিকল্প নেই।”

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, “এই অযোগ্য উপদেষ্টা পরিষদ দিয়ে দেশ চলবে না। এই একপাক্ষিক উপদেষ্টা পরিষদ যতদিন থাকবে দেশে নতুন নতুন সংকট তৈরি হবে।”

এসময় দ্রুত নির্বাচন কিংবা আরো সময় লাগলে গণঅভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানান নুরুল হক নুর।

সূত্র: বিবিসি বাংলা