www.HelloBangla.News – বিনোদন – ১ ফেব্রুয়ারি, ২০২৫: সরকার মত প্রকাশের অধিকারে বিশ্বাসী তাই কোনো বই সেন্সর করা হবে না বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
জাতীয় কবিতা পরিষদের আয়োজনে আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে আয়োজিত ‘জাতীয় কবিতা উৎসব-২০২৫’ এর দুই দিনব্যাপী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, “বই ছাপানোর আগে সরকার পড়ে দেখবে এমন কোনো বক্তব্য কেউ দেয়নি। অপপ্রচার ছড়ানো হয়েছে। বই সেন্সর করার কোনো ইচ্ছা সরকারের নেই। এই সরকার মত প্রকাশের অধিকারে বিশ্বাস করে।”
বাংলা একাডেমি পুরস্কার নিয়ে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “বাংলা একাডেমির পুরস্কারের সঙ্গে মন্ত্রণালয়ের যোগাযোগ থাকে না। তারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কিন্তু স্বায়ত্তশাসনের সুযোগের অপব্যবহার করে ফ্যাসিবাদের দোসর ঢুকে গেছে। এটা নিয়ে অনেক অভিযোগ উঠেছে যে কিছু কিছু মানুষ নিজেদের পছন্দের প্রতিফলন ঘটিয়েছেন। তখন মন্ত্রণালয়ের দায়িত্ব হয় বাংলা একাডেমিকে জিজ্ঞেস করা, কী হয়েছে। মানে খতিয়ে দেখা।’ তিনি আরও বলেন, ‘একাডেমির পুরস্কার কমিটির সভাতেই সিদ্ধান্ত হয় স্থগিত করার এবং কেন ঝামেলা হয়েছে, তা দেখা। সেই সিদ্ধান্ত একাডেমির মহাপরিচালক আমাকে জানালে আমি জনগুরুত্বপূর্ণ বিবেচনায় তা ফেসবুকে প্রকাশ করি। তার মানে, আমি সিদ্ধান্ত দিইনি।”
কাবতা উৎসব অনুষ্ঠানটি উদ্বোধন করেন শহীদ আবু সাইদের মা মনোয়ারা বেগম। জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করা হয়। পরে জাতীয় সংগীত, একুশের গান ও জুলাই বিপ্লবের গান পরিবেশন করা হয়। এর আগে শোভাযাত্রা করে কবি, সাহিত্যিক ও কবিতা ভক্তরা। অনুষ্ঠানে বক্তব্য দেন কবিতা পরিষদের আহ্বায়ক মোহন রায়হান, সদস্যসচিব রেজাউদ্দিন স্টালিন প্রমুখ।
দুইদিনব্যাপী এ উৎসবের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান, কবিতা বিষয়ক আলোচনা, স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি এবং দ্বিতীয় দিনে কবিতা বিষয়ক সেমিনার, স্বরচিত কবিতাপাঠ, কবিতার গান ও নৃত্যের আয়োজন থাকবে। বিশ্বের বিভিন্ন দেশের লেখক ও কবিদের এ উৎসবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে। অন্যান্য বছরের মতো এ বছরেও জাতীয় কবিতা পরিষদ পুরস্কার দেওয়া করা হবে।