www.HelloBangla.News – জাতীয় – ১১ ফেব্রুয়ারি, ২০২৫: শিল্পাঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমশ নিচে নেমে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, “শিল্পাঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমশ নিচে নেমে যাচ্ছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য সমস্যার সৃষ্টি করছে।”
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাস আয়োজিত ‘সাসটেইনেবল অ্যাপারেল ফোরাম (এসএএফ) ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, “বাংলাদেশ পানি-সমৃদ্ধ দেশ হলেও শিল্পাঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমশ নিচে নেমে যাচ্ছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য সমস্যার সৃষ্টি করছে। এ অবস্থায় শিল্পখাতের পানি ব্যবহারের ওপর চার্জ নির্ধারণ এবং পুনর্ব্যবহার উৎসাহিত করতে প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।”
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “বাংলাদেশের ব্যবসায়ীরা ও আন্তর্জাতিক অংশীদাররা একত্রিত হয়ে নবায়নযোগ্য ও টেকসই জ্বালানির দিকে এগিয়ে যেতে হবে।”
রাসায়নিক বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা বলেন, “বাংলাদেশ সরকার জার্মান অংশীদারদের সহযোগিতায় ‘কেমিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল’ চূড়ান্ত করার কাজ করছে। এর মাধ্যমে শিল্প-কারখানায় পরিবেশ ও কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি মানসম্মত নিয়ম চালু করা হবে।”
তিনি বলেন, “সাসটেইনেবিলিটি নিয়ে কথা বললে সস্তা শ্রম শব্দটি আমাদের অভিধান থেকে বাদ দিতে হবে। এটি উৎপাদক ও ভোক্তার যৌথ দায়িত্ব।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা)) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।