www.HelloBangla.News – খেলাধুলা – ১১ ফেব্রুয়ারি, ২০২৫: দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শুরুটা ভলো হয়নি ব্রাজিলের। বি-গ্রুপের প্রথম খেলায় আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরে যায় দলটি। পর কলম্বিয়ার কাছেও হেরেছিল ব্রাজিল। চার ম্যাচের দুটিতেই হেরে কোনোমতে টুর্নামেন্টের ফাইনাল পর্বে জায়গা করে নেয় নেইমারদের উত্তরসূরীরা। তবে চূড়ান্ত পর্বে এসেই নিজেদের জাত চেনায় ব্রাজিল। সেই ব্রাজিলই কিনা এখন পেছনে ফেলে দিয়েছে স্রেফ আর্জেন্টিনাকেই!

চুড়ান্ত পর্বে প্রথম তিন ম্যাচের সবগুলোতেই জিতেছে ব্রাজিল। জয়ের হ্যাটট্রিকে আর্জেন্টিনাকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে উঠেছে তারা।

সোমবার দিবাগত রাতে অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে প্যারাগুয়ে যুবাদের ৩-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। গুস্তাবো প্রাদো শুরুতে ব্রাজিলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন রায়ান। প্রথমার্ধের আগে প্যারাগুয়ের আনহেল সেবাস্তিয়ান বিলাসানতি এক গোল শোধ করলেও বিরতির পর আলিসন সান্তার গোলে ব্রাজিলের জয় নিশ্চিত হয়।

অপরদিকে কলম্বিয়ার বিপক্ষে লড়তে হয়েছে আর্জেন্টিনাকে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গিয়েও বেগ পোহাতে হয়েছে তাদের। তবে নির্ধারিত সময়ের চার মিনিট আগে ইয়ান সুবিয়াবরের গোলে এগিয়ে যা তারা। এই গোলেই জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।

৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ব্রাজিল। সমান ম্যাচে সমান জয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকা আর্জেন্টিনা টেবিলের দুইয়ে। ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে কলম্বিয়া। সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে প্যারাগুয়ে।