www.HelloBangla.News – বিনোদন – ১১ ফেব্রুয়ারি, ২০২৫: লালনের সাম্য ও সম্প্রীতির দর্শন সকলের মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সারাদেশে চলমান রয়েছে ‘সাধুমেলা’। তার অংশ হিসেবেই বহুভাষিক উৎসব ২০২৫ উপলক্ষ্যে মাসব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে আজ মঙ্গবার (১১ ফেব্রুয়ারি) একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হয়েছে সাধুমেলা- ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (সচিব পদমর্যাদা), ড. সৈয়দ জামিল আহমেদ। সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ (সচিব পদমর্যাদা) বলেন, “সরকারীভাবে বাজেট বাড়ালে শুধু বাউলদের নিয়ে নয়, সব ধরনের অনুষ্ঠান আমরা বাড়াতে পারবো।”

দেশের বিভিন্ন স্থানে বাউলদের উপর আক্রমণের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মহাপরিচালক বলেন, “সামাজিকভাবে বাউলদের উপর নানাভাবে আক্রমণ হচ্ছে আমরা তার প্রতিবাদ জানাই। বাউলরা ভালবাসার কথা বলেন, সম্প্রীতির কথা বলেন, তাদের উপর যারা আক্রমণ করে তারা নিচুঁ শ্রেনীর মানুষ।”

শুরুতে দৈন্য গান পরিবেশন করেন শিল্পীবৃন্দ। এরপর সাইফুল ইসলাম পরিবেশন করেন ‘এমন মানব জনম কবে গো সৃজন হবে’। মোছা: বিউটি খাতুন পরিবেশন করেন ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’, মো: মাহাবুব ইসলাম ‘অযতনে ডুবলো ভারা’, মরিয়ম জামিলা রোজী পরিবেশন করেন ‘তিন পাগলের হলো মেলা’। এরপর লালনের বাণী উপস্থাপন করেন জগি ফকির। জহির উদ্দিন পরিবেশন করেন ‘মাওলা বলে ডাক রসনা’, নাবিলা বিনতে নাসির মিতুল ‘পাখি কখন জানি উড়ে যায়’, মো: মুজিবার রহমান বিশ্বাস পরিবেশনা উপস্থাপন করেন। মো: মানিক ‘আমার চরণ ছাড়া করোনা দয়াল হরি’, রেন আয়নাল হক ‘পড়েছি এবার আমি’, রিতা খাতুন ‘সাধু সঙ্গ ভালো সঙ্গ’ উপস্থাপন করেন।

এরপর লালন ফকিরের দলীয় বাণী উপস্থাপন করেন লাভলী শেখ, কুতুব উদ্দিন, ওমর আলী, মো: আবু বক্কর সিদ্দিক, মো: শাহেদ আলী, লামিয়া বিনতে আলিফ ঐশ্বয, তাসলিমা আক্তার, দিপা মন্ডল, মো: নুরুল ইসলাম শেখ, আব্দুল মান্নান তালুকদার, আফসানা হক ইমু, মোছা: মিনারা হক, মো: ফারুক হোসেন, শামসুল ইসলাম, ফেরদৌসী খাতুন, ফ্লেরোন্স রিবেরু (তুপ্তি), ফারজানা আফরিন ইভা, মেহেরুন-নেসা পূর্ণিমা, মো: মিরাজ সিদার এবংঝর্ণা বিশ্বাস।

এছাড়াও আজ ১১ ফেব্রুয়ারি ২০২৫ নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সাধুমেলা অনুষ্ঠিত হয়েছে।