www.HelloBangla.News – জাতীয় – ১০ ফেব্রুয়ারি, ২০২৫: ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি শাস্তি পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘ডেভিল অর্থ শয়তান। যারা শয়তান তারাই ধরা পড়বে। ডেভিল হান্ট ডিক্লেয়ার করার পর আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও আমরা ছাড় দিইনি। প্রথম দিনই কিন্তু পাঁচজনকে আইনের আওতায় নেওয়া হয়েছে। এক্ষেত্রে বড়-ছোট কোনো ভেদাভেদ নেই। অপারেশন ততদিন চলবে যতদিন ডেভিল মুক্ত না হবে। অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় সেজন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনীর সঙ্গে আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মতবিনিময় শেষে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলছেন। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অপারেশন ততদিন চলবে যতোদিন ডেভিল মুক্ত না হবে। তিনি বলেন, অপারেশন ডেভিল হান্টে কোন নির্দোষ ব্যক্তি যেনো শাস্তি না পায়, সেজন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এজন্য একাধিক কমিটি রয়েছে।”
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে। কারণ ছোলা, খেজুরের সরবরাহ ভালো। দেশে সারের কোনো সংকট নাই, কিছু ডিলার শয়তানি করে কৃত্রিম সংকট তৈরি করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সীমান্তে ভারতীয় আগ্রাসনে চাঁপাইনবাবগঞ্জের মানুষ যে ভূমিকায় ছিলো তাতে স্বরাষ্ট্র উপদেষ্টা সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এতে খুশি, তবে আইন যেন কেউ হাতে তুলে না নেয়।’
মতবিনিময় সভায় পুলিশের উর্ধতন কর্মকর্তা , রাজশাহীতে দায়িত্বরত সেনা, বিজিবি, র্যাবের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।