www.HelloBangla.News – রাজনীতি – ৫ ফেব্রুয়ারি, ২০২৫: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ফাঁসির ৯ আসামিসহ সাজাপ্রাপ্ত সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান এ রায় ঘোষণা করেন।
আদালত বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সব আসামিকে বেকসুর খালাস দেওয়া হলো। আমরা চাই না তারা আর এক সেকেন্ডও কারাগারে থাকুক। এখনই সব সবাই মুক্তি প্রদানের নির্দেশ প্রদান করছি।
আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট সামসুল ইসলাম মুকুল।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মজিবুর রহমান।
ভাষার মাসের সম্মানে আদালত বাংলা ভাষায় রায় ঘোষণা করেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মুহাম্মদ মাহবুবুল ইসলাম রায়ের মূল অংশ পাঠ করেন।
পাবনার ঈশ্বরদীতে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার অভিযোগে করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নয় জনসহ সব আসামিকে খালাস করে রায় দিয়েছে হাইকোর্ট।
এছাড়া খালাস হওয়া আসামিদের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড ২৫ জন, ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ১৩ জন।
এদিকে, এ রায়ের পর সংবাদ সম্মেলন শুরু হওয়ার আগে কথা কাটাকাটির পরে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে ঈশ্বরদী থেকে আসা বিএনপির নেতা-কর্মীরা। এ সময় আহত হন এটিএন নিউজের সিনিয়র রির্পোটার জাবেদ আক্তার।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এ সময় বৈশাখী টেলিভিশনের মাইক্রোফোন ভাঙচুর করাসহ মারধর করা হয় আরও কয়েকজন সাংবাদিককে। রায় ঘোষণার পর বেলা ১২টার দিকে হাইকোর্টের এনেক্স ভবনের সামনে এ ঘটনা ঘটে৷
ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলন বর্জন করেন সাংবাদিকরা৷ ঘটনার সুষ্ঠু বিচার এবং জড়িতদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা।