www.HelloBangla.News – রাজনীতি – ৪ ফেব্রুয়ারি, ২০২৫: বিএনপি ক্ষমতায় এলে যুক্তরাজ্যের মতো বিনামূল্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য খাতের সংস্কারে বিএনপির পক্ষ থেকে প্রস্তাবনা তুলে ধরে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, “বিগত সরকারের আমলে স্বাস্থ্যখাতে দুর্নীতি-দুর্বৃত্তায়নের ফলে মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়েছে। সমগ্র স্বাস্থ্য ব্যবস্থায় তীব্র বিদেশমুখিতা সৃষ্টি হয়েছে। চিকিৎসক ও রোগীর সম্পর্কের হয়েছে অবনতি৷ স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহ হয়ে পড়েছে অনিরাপদ৷”

বিএনপি যেসব সংস্কারের সুপারিশ বা প্রস্তাবনা দিয়েছে, সেগুলোর কিছু স্বল্পমেয়াদী। বাকিগুলো মধ্যম ও দীর্ঘমেয়াদী।

তাদের সুপারিশগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো— প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ইউনিয়নভিত্তিক গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার গুণ-মান বৃদ্ধি, সব হেলথ কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ, জেনারেল ফিজিশিয়ানের অধীনে প্রত্যেক নাগরিকের রাষ্ট্রীয় খরচে সর্বোত্তম চিকিৎসা।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “আমরা এই প্রস্তাবগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উত্থাপন করছি। কিন্তু আমরা আশা করি না যে তারা এগুলো বাস্তবায়ন করার সক্ষমতা রাখে বা সেই সময় পর্যন্ত থাকবে। কারণ এরপরের প্রস্তাবগুলো এক থেকে পাঁচ বছর, ১০ বছর পর্যন্ত। এই পর্যন্ত তো একটি অন্তর্বর্তীকালীন সরকার থাকতে পারে না।”

পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে, তারা এগুলো বাস্তবায়ন করবে জানিয়ে তিনি আরও বলেন, “যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) জনগণ পছন্দ করে আগামী নির্বাচনে সরকারে পাঠায়, তাহলে আমরা যে মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী প্রস্তাবগুলো বাস্তবায়ন করবো।”

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।