www.HelloBangla.News – খেলাধুলা – ৪ ফেব্রুয়ারি, ২০২৫: রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপাক্ষিক সিরিজে দুই দল খেলে না। ভারত-পাকিস্তান মহারণ দেখার জন্য তাই সমর্থকদের তাকিয়ে থাকতে হয় এসিসি আর আইসিসির ইভেন্টের দিকে। এই দুই দল যখন সম্মুখসমরে নামে, ক্রিকেটপ্রেমীদের আগ্রহ থাকে তুঙ্গে। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার ব্যতিক্রম হচ্ছে না।  চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান লড়াই। গতকাল সোমবার সেই ম্যাচের জন্য টিকিট বিক্রি শুরু হওয়া মাত্রই মুহূর্তে তা শেষ হয়ে যায়। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এসেছে, এক ঘণ্টাতেই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে।

সর্বনিম্ন টিকিটের দাম ১২৫ দিরহাম বা ভারতীয় মুদ্রায় ২৯০০ টাকার কাছাকাছি। এর পর বিভিন্ন স্তরে বিভিন্ন টিকিটের দাম রাখা হয়েছে। উল্লেখ্য, পাকিস্তানের করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে যে ম্যাচগুলি হবে তার টিকিট বিক্রি আগেই শুরু হয়ে গিয়েছে।

সর্বশেষ কয়েকটি আইসিসি টুর্নামেন্টেই মুহূর্তের মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট শেষ হয়ে যাওয়া পরিচিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। এমনিতেই চিরপ্রতিদ্বন্দ্বী এই দুটি দেশের মাঠের লড়াই নিয়ে সব সময়ই আকাশচুম্বী আগ্রহ ছিল। এখন রাজনৈতিক দ্বন্দ্ব থাকায় আইসিসির ইভেন্ট ছাড়া ভারত-পাকিস্তান ম্যাচ দেখা যায় না। যেহেতু দুই দল ক্রিকেটীয় লড়াইয়ে খুব কম মুখোমুখি হয়, ভারত-পাকিস্তান ম্যাচের আবেদন হয়তো তাই আরও বেড়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ৯ মার্চ। সেই টিকিট অবশ্য এখনই মিলবে না। আইসিসি-র এক কর্তা জানিয়েছেন, দুবাইয়ে প্রথম সেমিফাইনাল হওয়ার পরেই ফাইনালের টিকিট ছাড়া হবে। ভারত যদি ফাইনালে ওঠে, তা হলে ম্যাচটি হবে দুবাইয়েই। না হলে লাহোরে ম্যাচ হবে। সে কারণেই ফাইনালের টিকিট এখন ছাড়া হচ্ছে না বলে মত সংশ্লিষ্ট মহলের।

এবছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও ভারত টুর্নামেন্টে তাদের কোনও ম্যাচই পাকিস্তানের মাটিতে খেলবে না। টিম ইন্ডিয়া তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে।

আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান লড়াই। অন্তত দেড় লক্ষ ক্রিকেটপ্রেমী অনলাইনে ভিড় জমান টিকিট কেনার জন্য। তবে তাদের বেশিরভাগকেই দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও হতাশ হতে হয়েছে।

ভারত ও পাকিস্তান ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির এ-গ্রুপে রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ৮ দলের টুর্নামেন্টের বি-গ্রুপে রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।