www.HelloBangla.News – লাইফস্টাইল – ৩ ফেব্রুয়ারি, ২০২৫: মাটন ডাকবাংলো ব্রিটিশ আমলে জনপ্রিয় হওয়া একটি ঐতিহ্যবাহী বাংলা রেসিপি। এটি মূলত ব্রিটিশদের ডাকবাংলোতে রান্না করা হতো, যেখানে খাসি বা মাটন মশলাদার গ্রেভির সাথে সিদ্ধ ডিম ও আলু দিয়ে পরিবেশন করা হতো।

 

উপকরণ:

মাটন মেরিনেশনের জন্য:

মাটন–৫০০ গ্রাম, দই–১/২ কাপ, আদা-রসুন বাটা–২ টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া–১ চা চামচ, হলুদ গুঁড়া–১/২ চা চামচ, লবণ–স্বাদ অনুযায়ী, সরিষার তেল–২ টেবিল চামচ।

রন্ধন শিল্পী - সুতপা দে (২)
রন্ধন শিল্পী – সুতপা দে (২)

কড়াইতে রান্নার জন্য:

পেঁয়াজ কুচি–২টি বড়, টমেটো কুচি–১টি মাঝারি, কাঁচা মরিচ–৩/৪টি, শুকনো লঙ্কা–২টি, দারুচিনি–১ টুকরা, এলাচ–২টি, লবঙ্গ–৩টি, জিরা গুঁড়া–১ চা চামচ, ধনে গুঁড়া–১ চা চামচ, গরম মশলা গুঁড়া–১/২ চা চামচ, চিনি–১/২ চা চামচ, সিদ্ধ আলু–২টি (ছোট করে কাটা), সিদ্ধ ডিম–২টি (সুন্দর করে ভেজে নেওয়া), তেল– পরিমাণ মতো

 

প্রস্তুত প্রণালী:

মটন মেরিনেশন ১ম ধাপ:

মটন ভালো করে ধুয়ে উপরের সমস্ত মেরিনেশনের উপকরণ মিশিয়ে ২-৩ ঘণ্টা (সর্বোত্তম ফলাফলের জন্য এক রাত) মেরিনেট করে রাখুন।

 

রান্নার ২য় ধাপ:

কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিন। পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এবার টমেটো কুচি ও চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিন। মেরিনেট করা মটন যোগ করে আঁচ মাঝারি রেখে কষিয়ে নিন, যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে। এবার প্রয়োজন মতো গরম পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে মটন সেদ্ধ করুন (প্রেসার কুকারে ৪-৫ সিটি দিয়ে নিতে পারেন)। সিদ্ধ আলু যোগ করে ৫-৭ মিনিট রান্না করুন, যেন আলুর মধ্যে মশলার স্বাদ ভালোভাবে মিশে যায়। শেষে সিদ্ধ ও ভাজা ডিম দিয়ে ২ মিনিট নেড়ে নিন। গরম মশলা ছড়িয়ে দিয়ে ৫ মিনিট ঢেকে রাখুন।

 

পরিবেশন:

গরম গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন। পাশে একটু লেবু, পেঁয়াজ সালাদ থাকলে স্বাদ আরও বেড়ে যাবে! এই রেসিপি ট্রাই করে জানাবেন কেমন লাগলো।

রন্ধন শিল্পী: সুতপা দে