www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩ ফেব্রুয়ারি, ২০২৫: নব নির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারের সময় অবৈধ অভিবাসীদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। দায়িত্ব নেয়ার পর পরই তার প্রশাসন দেশজুড়ে অভিবাসন আইন প্রয়োগের প্রচেষ্টা বাড়ানোর পরিকল্পনা করেছে। বিষয়টি বাস্তবায়ন হতে চলেছে বলে ধারণা করা হচ্ছে। কেননা গত ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৯ দিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ৭ হাজার ২৬০ জন নথিবিহীন অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন ও কাস্টমস বিষয়ক আইনপ্রয়োগকারী সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)।

গ্রেফতারর মধ্যে ৫ হাজার ৭৬৩ জনকে বন্দিশালায় রাখা হয়েছে। শিগগিরই তাদের নিজ নিজ দেশ কিংবা কিউবার গুয়ান্তানামো কারাগারে পাঠানো হবে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছে আইসিই।

এই নথিবিহীন অভিবাসীদের সাবাইকে নিউইয়র্ক অঙ্গরাজ্যের নিউইয়র্ক সিটি, ইলিনয়েস অঙ্গরাজ্যের শিকাগো এবং ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে । শনিবারের এক্সবার্তায় আইসিই জানিয়েছে এদের মধ্যে অনেকের বিরুদ্ধেই ধর্ষণ, অপ্রাপ্ত বয়স্কদের প্রতি যৌন সহিংসতা, বন্দুক ও মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে।

২০২৪ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের সময় রিপাবলিকান দলের প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন— ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসীমুক্ত করবেন। নির্বাচনে জয়ী হওয়ার পর সাংবিধানিক বিধি মেনে গত ২০ জানুয়ারি শপথ গ্রহণ করেন ট্রাম্প এবং সে দিন বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। সেসবের মধ্যে ‘আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান’ নামের একটি আদেশও ছিল।

ট্রাম্প সেই আদেশে স্বাক্ষর করার পর থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে অভিযান।

সিবিডিআইওসহ যুক্তরাষ্ট্রের চারটি গ্রামীণ ও আইনি সংস্থার প্রতিনিধিরা রয়টার্সকে বলেছেন, তারা অভিবাসী খামার শ্রমিকদের সাহায্য চাওয়ার সংখ্যায় ১০ গুণ বৃদ্ধি লক্ষ্য করেছেন। অভিবাসন কর্মকর্তারা যদি এ শ্রমিকদের কাজ করা থেকে বিরত রাখেন ও আটক করেন, তাহলে তারা কী করবেন সে বিষয়ে তাদের কর্মশালার মাধ্যমে জানানো হচ্ছে।

কৃষি শিল্পের বাণিজ্য সংগঠনগুলোর খাদ্য উৎপাদনের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বিগ্ন, বিশেষত ক্যালিফোর্নিয়ায়। ক্যালিফোর্নিয়া খাদ্য ও কৃষি দপ্তর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের এক-তৃতীয়াংশ সবজি, তিন-চতুর্থাংশ ফল ও বাদাম এবং প্রচুর দুধ ও প্রাণীজ পণ্য ক্যালিফোর্নিয়ায় উৎপাদন হয়।

যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান তথ্যানুযায়ী, প্রায় চার লাখ কৃষি শ্রমিক ওই সব শস্য কাটা ও প্রক্রিয়াজাত সম্পর্কিত কাজ করে থাকেন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়-মারসেড কমিউনিটি ও শ্রম কেন্দ্রের তথ্যমতে, এর প্রায় ৭৫ শতাংশ শ্রমিকের বৈধ অভিবাসন মর্যাদা নেই। ফলে তারা চিন্তায় দিন পার করছেন।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে বসবাস করছেন ১ লাখ ৭০ হাজারেরও বেশি নথিবিহীন অভিবাসী। তাদের মধ্যে অন্তত ১ লাখকে ফেরত পাঠানোর লক্ষ্য নিয়েছে ওয়াশিংটন।