www.HelloBangla.News – খেলাধুলা – ২ ফেব্রুয়ারি, ২০২৫: ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল যেস অপ্রতিরোধ্য গয়ে উঠছে। গতকাল দলটি ২-০ গোলে হারিয়েছে বোর্নমাউথকে। এই জয়ে শীর্ষে থাকা অলরেডরা ৯ পয়েন্টে এগিয়ে গেছে। ২৩ ম্যাচে তাদের সংগ্রহ ৫৬ পয়েন্ট। আর দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৪৭। সমান পয়েন্ট তিনে থাকা নটিংহাম ফরেস্টেরও।
বোর্নমাউথের বিপক্ষে দুটি গোলই করেছেন মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। এবারের লিগে তার গোলসংখ্যা ২১টি। এবারের মৌসুমে এখন পর্যন্ত তিনিই সর্বোচ্চ গোলদাতা। এ নিয়ে পঞ্চমবারের মতো লিগে ২০ বা তার বেশি গোল করলেন তিনি। সবমিলিয়ে প্রিমিয়ার লিগে তার গোলসংখ্যা এখন ১৭৮টি। যা তাকে এই লিগের ষষ্ঠ সর্বোচ্চ গোলদাতা বানিয়ে দিয়েছে। ১৭৭ গোল নিয়ে সাতে নেমে গেছেন চেলসির কিংবদন্তি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।
শনিবার দিবাগত গভীর রাতে বোর্নমাউথের মাঠে সালাহ প্রথম গোল করেন ৩০ মিনিটে পেনাল্টি শটে। ডি-বক্সের ভেতর লিভারপুলের কোডি গাকপোকে ফাউল করেন স্বাগতিক দলের লুইস কুক।
৭৫ মিনিটে দ্বিতীয় গোল করেন সালাহ। কার্টিস জোনসের অ্যাসিস্টে গোলটি করেন মিশরীয় ফরোয়ার্ড। এতে ২-০ তে এগিয়ে যায় লিভারপুল। চলতি মৌসুমে এ নিয়ে ২১টি গোল করলেন সালাহ।
ম্যাচ শেষে সালাহ বলেন, ‘গোল করেছি ও দল জিতেছে, এটা অবিশ্বাস্য অনুভূতি। তবে আমি এর আগেও অনেকবার বলেছি, মূল লক্ষ্য প্রিমিয়ার লিগ জেতা। আমরা সঠিক পথেই যাচ্ছি।’