www.HelloBangla.News – জাতীয় – ৩১ জানুয়ারি, ২০২৫: টঙ্গীর ইজতেমা মাঠে তাবলীগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় প্রায় দুই মাস আগে। ফলে ইজতেমা নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দেয়। নিরাপত্তা নিয়ে এক ধরনের উত্তেজনার মধ্যেই শুক্রবার শুরু হয়েছে তাবলীগ জামাতের সবচেয়ে বড় আয়োজন বিশ্ব ইজতেমা। লাখো মুসল্লি জড়ো হয়েছেন ইজতেমা ময়দানে।
তুরা নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে আজ শুক্রবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজের জামাত। এতে অংশ নিয়েছেন লাখো মুসল্লি। জুমার নামাজে অংশ নিতে ময়দান ছাড়িয়ে আশপাশে সড়ক, মহাসড়ক, ফুটপাত ও বিভিন্ন অলিগলি মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়।
শুক্রবার দুপুর ১টা ৫১ মিনিটে জুমার নামাজের জামাত শুরু হয়ে ১টা ৫৬ মিনিটে শেষ হয়। এতে ইমামতি করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব।
তাবলিগ জামাতের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, শুক্রবার সকালে ফজরের নামাজের পর আম বয়ান করেছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। তাৎক্ষণিকভাবে তা বাংলায় অনুবাদ করছেন মাওলানা নুরুর রহমান। শুক্রবার পৌনে ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল করা হয়েছে। তালিমের আগে মোজাকেরা (আলোচনা) করেন ভারতের মাওলানা জামাল সাহেব। এ ছাড়া বিশেষ কিছু অনুষ্ঠান হয়েছে। যেমন, সকাল ১০টায় শিক্ষকদের বয়ানের মিম্বারে বয়ান করেছেন ভারতের মাওলানা ফারাহিম সাহেব। ছাত্রদের সঙ্গে নামাজের মিম্বারে বয়ান করেছেন প্রফেসর আব্দুল মান্নান সাহেব, খাওয়াছদের (গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ) মাঝে টিনশেড মসজিদে বয়ান করেছেন ভারতের মাওলানা আকবর শরিফ সাহেব।
এদিকে দেশের বৃহত্তম জুমার নামাজে অংশ নিতে সকালে থেকেই ইজতেমা ময়দানের উদ্দেশে মুসল্লিদের ঢল নামে। ইজতেমায় অংশ নিতে না পারলেও দেশের বৃহত্তম জুমার নামাজের জামাতে অংশ নিতে ময়দানমুখী হয়েছে ঢাকা ও গাজীপুরের আশপাশের বিভিন্ন জেলার মানুষ।