www.HelloBangla.News – অর্থনীতি – ৩০ জানুয়ারি, ২০২৫: আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় ফের বাড়ানো হয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর নীতি উইংয়ের দ্বিতীয় সচিব এইচ এম শাহরিয়ার হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে তৃতীয় দফা রিটার্ন দাখিলের সময় বাড়ানো হলো। এর আগে, দুই দফা সময় বাড়ানোর পর ৩১ জানুয়ারি রিটার্ন জমা দেওয়ার সময় শেষ হওয়ার কথা ছিল। গত ২৯ ডিসেম্বর ও ১৭ নভেম্বর পৃথক আদেশে দুই দফা এক মাস করে সময় বাড়ায় এনবিআর।
ব্যক্তি করদাতাদের রিটার্ন দাখিলের শেষ দিন নির্ধারিত ছিল ৩০ নভেম্বর। ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথমে এক মাস সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়। পরে আরও এক মাস বৃদ্ধি করে ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর আইন, ২০২৩ অনুযায়ী ২০২৪-২০২৫ করবর্ষের জন্য কোম্পানি ছাড়া সব শ্রেণির করদাতার আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল ৩১ জানুয়ারি। আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির ফলে অনলাইন ও অফলাইন উভয় প্রকার রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোম্পানি ছাড়া সব করদাতা জরিমানা ছাড়া ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন।
প্রসঙ্গত , এ বছর জাতীয় রাজস্ব বোর্ড বিশেষ আদেশের মাধ্যমে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অবস্থিত সব সরকারি কর্মচারী, সারা দেশের সব তফশিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সারা দেশের সব মোবাইল টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং ওই আদেশে উল্লেখিত বহুজাতিক কোম্পানিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।