www.HelloBangla.Newsরাজনীতি২৫  জানুয়ারি, ২০২: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, লড়াই-সংগ্রাম করে টিকে আছে বিএনপি। এ কারণে আমাদের ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছে করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি গোষ্ঠী।

আজ শনিবার (২৫ জানুয়ারি) নয়াপল্টনে এক দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠান করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, “১/১১ ভয় দেখিয়ে অন্তর্বর্তী সরকার সমর্থন নিতে চায়। তবে ভয় দেখিয়ে লাভ হবে না। সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায় জনগণ, যা শেখ হাসিনা হতে দেয়নি। লড়াই সংগ্রাম করে বিএনপি টিকে আছে।”

বিএনপির এই মুখপাত্র বলেন, “বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছে করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি গোষ্ঠী। বিএনপি সবসময় অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি সব সময় সোচ্চার ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে।”

রিজভী বলেন, “আন্তর্জাতিক মাস্টার প্ল্যানের অংশ ছিল আগে স্থানীয় নির্বাচন। এই সরকারতো ছাত্র-জনতার আন্দোলন ও রক্তের ফসল। আমরা আশা করি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে এই সরকার। কিন্তু প্রয়োজনীয় সংস্কারে তাদের মনোযোগ নেই। একদিকে কলকারখানা বন্ধ হচ্ছে, অর্থনীতি নিম্নমুখী। জনকল্যাণে মনোযোগ না দিয়ে ঘোরপ্যাঁচের মধ্যে আছে সরকার। বিএনপি বিশ্বাস করে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে। প্রয়োজনে আইন করে পদক্ষেপ নেবে।”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “ছাত্র-জনতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অবদান অস্বীকার করার উপায় নেই। সুশীল সমাজের নামে যা বলবেন যা করবেন তা মেনে নেওয়ার সুযোগ নেই।”

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।