www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৩ জানুয়ারি, ২০২৫: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করেছে ভারত। নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে প্রথম বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এই আলোচনা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর।
এক সংবাদ সম্মেলনে নিজেই এই তথ্য জানিয়েছেন জয়শঙ্কর। তবে বাংলাদেশের বিষয়ে ঠিক কী আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি ভারতীয় এই পররাষ্ট্রমন্ত্রী।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
জয়শঙ্কর ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য ওয়াশিংটনে গেছেন।
বাংলাদেশ ছাড়াও আমেরিকার ভিসা নীতি এবং আঞ্চলিক নানা বিষয় নিয়েই ওই দ্বিপাক্ষিক বৈঠকে কথা হয়েছে।
নিজের এক্স (সাবেক টুইটার) হ্যাণ্ডেলে সুব্রহ্মণ্যম জয়শঙ্কর লিখেছেন, “আমাদের দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক আবারও ঝালিয়ে নিলাম।”
বিদেশ সচিব রুবিওকে ভারত-মার্কিন সম্পর্কের একজন দৃঢ় প্রবক্তা বলেও উল্লেখ করেছেন তিনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রী আরও লিখেছেন“এছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক বহু বিষয় নিয়ে মত বিনিময় হয়েছে,”
ওই বৈঠকে মার্কিন বিদেশ সচিব ছাড়াও হাজির ছিলেন সেদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ্।
বৈঠকের পরে ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মি. জয়শঙ্কর স্বীকার করেন যে বাংলাদেশ নিয়ে ওই বৈঠকে কথা হয়েছে।
তার কথায়, “হ্যাঁ, বাংলাদেশ নিয়ে আমাদের মধ্যে কিছু আলোচনা হয়েছে। আমার মনে হয় এ নিয়ে বিস্তারিত কিছু বলা উচিত হবে না।“