www.HelloBangla.News – খেলাধুলা – ২২ জানুয়ারি, ২০২৫: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে হতাশাজনকভাবে হেরে যায় বাংলাদেশের নারী ক্রকেট দল। এই সিরিজ জিতলেই ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলার সুযোগ পাবে। তাই সিরিজের দ্বিতীয় ম্যাচটি জয়ের বিকল্প ছিলো না বাংলাদেশের। আর এই ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের নারীরা। প্রথম ম্যাচে বিধ্বস্ত হওয়া নিগার সুলতানা জ্যোতিরা দ্বিতীয় ম্যাচে জয় তুলে সম্ভাবনা এখনও বাঁচিয়ে রেখেছে। সিরিজের তৃতীয় ম্যাচটি জিততে পারলে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত করবে তারা।
গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সেইন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ১৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে ৩৫ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১২০ বলে ৬৮ রান (৫ চারে) করেন শারমিন আক্তার। সোবহানা মোস্তারি ৩২ বলে ২৩, স্বর্ণা আক্তার ২৯ বলে ২১, ওপেনার ফারজানা হক ৩৫ বলে ১৮, আরেক ওপেনার মুর্শিদা খাতুন ২৪ বলে ১২ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪৩ বলে ২৮ রান করেন শেমাইনে কাম্পবেলে। শেষদিকে চ্যারি আন ফ্রেজার অপরাজিত ১৮, ওপেনার হ্যালি ম্যাথিউজ ১৬, মিডলঅর্ডার অ্যালিয়া অ্যালিনে ১৫ রান করেন।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের কারিসমা রামহারাক ৪ ও অ্যালিয়া অ্যালিনে ৩টি উইকেট শিকার করেন। বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ৩ এবং ফাতিমা খাতুন, রাবেয়া খান ও মারুফা আক্তার ২টি করে উইকেট শিকার নেন।