www.HelloBangla.News – রাজনীতি – ২১ জানুয়ারি, ২০২৫: শিক্ষার সংস্কারে কমিশন করা উচিত ছিল বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “সরকার অনেকগুলো কমিশন করেছে, কিন্তু শিক্ষার সংস্কারে কোনো কমিশন হয়নি। এটা করা উচিত ছিল।”
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গ্রন্থ আড্ডায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, “শিক্ষাব্যবস্থা ও শিক্ষা একদম শেষ হয়ে গেছে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় সব জায়গায় মান এত নিচে নেমে গেছে তা বলে বোঝানো যাবে না। অসংখ্য স্কুল ও কলেজ তৈরি হয়েছে যেখানে শিক্ষক নেই। শিক্ষা ঠিক না হলে সমাজের কোন পরিবর্তন হবে না।”
মির্জা ফখরুল বলেন, “আমাদের বাংলাদেশের অনেক সমস্যা। তবে সবচেয়ে প্রধান সমস্যা হচ্ছে আমাদের লেখাপড়াটা শেষ হয়ে গেছে। শিক্ষাব্যবস্থা এবং শিক্ষা একেবারে শেষ হয়ে গেছে। প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার মান এত নিচে নেমে গেছে যে তা বলে বোঝানো যাবে না। বিভিন্ন এমপিওভুক্ত করে অসংখ্য স্কুল তৈরি হয়েছে এবং কলেজ তৈরি হয়েছে, যেখানে কোনো শিক্ষক নেই। তবুও অনার্স-মাস্টার্স খুলে বসে আছে ।”
তিনি বলেন, “অনেকের প্রশ্ন, আপনি এত নির্বাচন নির্বাচন করেন কেন? বিশেষত ছাত্ররা তো বলেনই। নির্বাচনের কথা বারবার বলার কারণ একটাই। যেকোন নির্বাচিত সরকার কিন্তু একটি অনির্বাচিত সরকারের চেয়ে ভালো।”
বিএনপি মহাসচিব তিনি বলেন, “দেশে যে অস্থিরতা চলছে সেটি নিয়ন্ত্রণ করতে হলে ধৈর্য ধরে পা ফেলতে হবে এবং কোনো হঠকারিতা করা যাবে না। প্রয়োজনের সঙ্গে সঙ্গে ব্যবস্থা পাল্টায়।”
জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে আড্ডায় সঞ্চালনা করেন- সাধারণ সম্পাদক মো. জহির দীপ্তি। গ্রন্থ আড্ডায় আরও যোগ দেন অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুরে এলাহি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিনসহ অন্যান্যরা।