www.HelloBangla.Newsআন্তর্জাতিক২১  জানুয়ারি, ২০২: যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই এ সংক্রান্ত পদক্ষেপ নেন তিনি।

এছাড়া দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের কিছু ঘোষণা দিয়েছেন, যার মধ্যে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা, পানামা খাল ফেরত নেওয়া, বিদেশি পণ্যের আমদানিতে শুল্ক বৃদ্ধির মতো ঘোষণাও রয়েছে।

এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে বের করার প্রক্রিয়া শুরু করা সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর পাশাপাশি বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশও বাতিল করেন তিনি। সোমবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এদিকে ২০২১ সালের ছয়ই জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে আটক প্রায় ১৫০০ মানুষকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমা করে নির্বাহী আদেশে সই করায় তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি।

ন্যান্সি পেলোসি ক্যাপিটল হিলে দাঙ্গার সময় ডেমোক্রেটিক হাউজ স্পিকার ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিজ পেলোসি বলেন, এই পদক্ষেপ দেশের “বিচার ব্যবস্থা এবং শারীরিক ক্ষত ও মানসিক ট্রমার সম্মুখীন হওয়া মানুষদের প্রতি অত্যন্ত অবমাননাকর।”

তিনি বলেন যে, “ডোনাল্ড ট্রাম্পের ওই সিদ্ধান্ত ‘লজ্জাজনক’ এবং যেসব পুলিশ কর্মকর্তা সেদিন জীবনবাজি রেখে কাজ করেছেন, তিনি (মি. ট্রাম্প) সেইসব পুলিশ কর্মকর্তাদের সাথে ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন।

এছাড়া সেনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার এক বিবৃতিতে বলেছেন যে “তারা সহিংসতা করুক বা না করুক,” ছয়ই জানুয়ারির ক্যাপিটল হিলের হামলায় দোষী সাব্যস্ত ব্যক্তিদের ক্ষমা করা উচিত হয়নি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্প-বিরোধী বিক্ষোভ হয়েছে।

ট্রাম্পবিরোধী বিক্ষোভকারীরা মি. ট্রাম্পের অভিষেকের সাথে সাথে নিউ ইয়র্ক , ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেসে সমবেত হন।

সূত্র: বিবিসি বাংলা