www.HelloBangla.Newsআন্তর্জাতিক১৮  জানুয়ারি, ২০২: ফিলিস্তিনের গাজায় দীর্ঘ ১৫ মাস পর রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হতে যাচ্ছে। শুক্রবার (১৭ জানুয়ারি) ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা এই যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন করেছে। আগামীকাল রবিবার (১৯ জানুয়ারি) থেকে যুদ্ধবিরতি শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ। এখন পূর্ণ মন্ত্রিসভা অনুমোদন দিলে রবিবার থেকে যুদ্ধবিরতি শুরু হবে বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন তিনি। তবে চুক্তিটি ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ নিয়ে আসবে বলেও উল্লেখ করেছেন তিনি।

গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে নিজেদের কব্জায় থাকা জিম্মিদের মধ্যে থেকে ৩৩ জনকে মুক্তি দেবে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। এর বিনিময়ে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মধ্যে থেকে ১ হাজার ৯৭৭ জনকে ছেড়ে দেবে দেশটির সরকার।

এর মধ্যে বিরতির প্রথম দিন রবিবার ৯৫ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। এই ফিলিস্তিনিদের মধ্যে ৬৯ জন নারী, ১৬ জন পুরুষ এবং ১০ জন অপ্রাপ্তবয়স্ক। মুক্তির অপেক্ষায় থাকা ৯৫ জনের নামও প্রকাশ করেছে বিচার বিষয়ক মন্ত্রণালয়।

এর বিনিময়ে একই দিন নিজেদের কব্জায় থাকা জিম্মিদের মধ্যে থেকে ৩ জনকে ছেড়ে দেবে হামাস। এ ৩ জনের নাম ইতোমধ্যে ইসরায়েলের সরকারের কাছে পাঠিয়েছে গোষ্ঠীটি।

নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, এই চুক্তি যুদ্ধের লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

মধ্যস্থতাকারী কাতার, যুক্তরাষ্ট্র এবং মিসর চুক্তিটি ঘোষণা করার দুই দিন পর ইসরায়েল ও হামাস চুক্তির শর্ত চূড়ান্ত করে।