www.HelloBangla.News রাজনীতি ১০ জানুয়ারি, ২০২৫: জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকব, তারাও (জামায়াত) থাকবে। জামায়াতের সঙ্গে আমাদের দূরত্বের তেমন কিছু নেই। তারাও গণতন্ত্র চায়, নির্বাচন চায়, মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। তবে কেউ যদি কখনও বলে শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কর্যালয়ে এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে এ বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি। 

নজরুল ইসলাম খান বলেন, “বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। জনগণের দুর্ভোগ নিয়ে আলোচনা করেছি, কীভাবে জনগণের দুর্ভোগ রোধ করা যায় তা নিয়ে বিভিন্ন সময়ে সরকারকে পরামর্শ দিয়েছি, সেসব বিষয় নিয়ে আলোচনা করেছি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দলের, জোটের, দেশের হাজার হাজার মানুষ জীবন দিয়েছে।”

দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি আছে দুটি এর একটি সেনাবাহিনী, আরেকটি হলো জামায়াতে ইসলামী জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দেওয়া এমন বক্তব্যে কষ্ট পেয়েছেন বিএনপি নেতারা কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ বলেন, “শেখ হাসিনার পতন ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎভাবে ও জোটগতভাবে দীর্ঘ সময় ধরে আমরা আন্দোলন করেছি। জোটের ও বিএনপির শত শত নেতাকর্মী জীবন দিয়েছে। লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা ১৫ বছর ধরে আন্দোলন করেছি। সেটার সফলতা আসে ২০২৪ এর ৫ আগস্ট। প্রথম দফায় আমরা সফলতা অর্জন করেছি, দ্বিতীয় দফা হচ্ছে এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা।”

তিনি আরও বলেন, “আমরা চাই জাতীয় নির্বাচনটা দ্রুত হোক। এর জন্য সংস্কার প্রয়োজন। আমরাও সংস্কার চাই। ন্যূনতম সংস্কার করে অতি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। সংসদ নির্বাচন হলে দেশের অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে। অন্যান্য সংস্কার নির্বাচিত সরকার করবে।”

বেলা সোয়া ১১টায় শুরু হওয়া বৈঠক চলে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে অন্যন্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, এনডিপির চেয়ারম্যান আবু তাহের, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি নাসিম খান, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির সভাপতি এস এম শাহাদাত উপস্থিত ছিলেন