www.HelloBangla.News – খেলাধুলা – ৪ জানুয়ারি, ২০২৫: লা লিগায় পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শুধু তাই নয় তারকা খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়রকে লাল কারড দেখে মাঠ ছাড়তে হয়। তাছাড়া একটি পেনাল্টি মিস করেন জুড বেলিংহ্যাম।

ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ পালটা আক্রমণে জমে ওঠে লড়াই। শুরুতেই গোলের সুযোগ নষ্ট করেছেন ভালভার্দে। এরপর টানা কয়েকটি আক্রমণে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ভ্যালেন্সিয়া। প্রতিবারই তাদের হতাশ করেছেন রিয়াল কিপার থিবু কোর্তোয়া।

অবশেষে ২৭ মিনিটের মাথায় ডেডলক ভাঙে ভ্যালেন্সিয়া। গেররার শট ঠেকিয়ে দিয়েছিলেন কোর্তোয়া। তবে ফিরে আসা বল পায়ে পান দুরো। পোস্টের সামনে বল পেয়ে গোল করতে ভুল করেননি তিনি। হাফ টাইমের আগে ভালভার্দে ও ভিনিসিয়াস গোল মিস করলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

৫২ মিনিটে বক্সের ভেতর এমবাপেকে ফাউল করা হলে পেনাল্টি পায় রিয়াল। পেনাল্টি থেকে অবশ্য গোল করে সমতা ফেরাতে পারেননি বেলিংহাম। ৫৮ মিনিটে এমবাপে গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। ৭৯ মিনিটে বড় ধাক্কা খায় রিয়াল। ভ্যালেন্সিয়া কিপারকে ধাক্কা দেওয়ায় ভিএআরের সাহায্য নিয়ে ভিনিকে লাল কাদ দেখান রেফারি। রেফারির এই সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ ছিলে ভিনি।

৮৫ মিনিটে অবশেষে রিয়ালের মুখে হাসি ফোটে। বদলি হিসেবে নামা লুকা মদ্রিচ গোল করে ম্যাচে সমতা ফেরান। ৯৫ মিনিটের মাথায় বেলিংহামের গোলে অবিশ্বাস্য এক জয় নিশ্চিত করে রিয়াল। ম্যাচের শেষ শটে সমতা ফেরাতে পারত ভ্যালেন্সিয়া। লুইস রিয়োহার শট পোস্টে লেগে ফিরে এলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

এই জয়ে ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো রিয়াল। ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা।

মাথা গরম করে লাল কার্ড দেখা ভিনিসিয়ুস জুনিয়র অবশ্য ম্যাচের পর ক্ষমা চেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ব্রাজিলিয়ান তারকা লিখেছেন, ‘দুঃখিত এবং ধন্যবাদ দল!’