www.HelloBangla.Newsঅর্থনীতি জানুয়ারি, ২০২: উপজেলার সেরা উদ্ভাবন আনতে পারলেই সেটা হবে প্রকৃত আন্তর্জাতিক বাণিজ্য মেলা, বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “আগামীতে বাণিজ্য মেলা হবে দেশজুড়ে, বিদেশিদের নিয়ে ঢাকায় কেন্দ্রীয় মেলা হবে। উপজেলা থেকে সেরা উদ্ভাবন আনতে পারলেই হবে প্রকৃত আন্তর্জাতিক বাণিজ্য মেলা।”

নববর্ষের প্রথম দিন আজ বুধবার (১ জানুয়ারি) রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে, ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫ উদ্বোধন করে প্রধান উপদেষ্টা একথা বলেন। 

প্রধান উপদেষ্টা বলেন, “মানুষ মাত্রই উদ্যোক্তা। মানুষের কাজই হলো নিজের মন মতো কাজ করা। বাণিজ্য মেলা মানুষকে নিজের উদ্যোগকে ও সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ দেয়। এ সুযোগ কাজে লাগাতে হবে।”

ড. ইউনূস বলেন, “তরুণরা অসংখ্য রকম কাজ করছে। ঘরে বসে শাড়ি বিক্রি করছে। বয়স্ক গৃহিনী ব্যবসা করছে, রান্না করে খাওয়াচ্ছে। কিন্তু কোন স্বীকৃতি নাই।”

দিনি বলেন, “যারা নিজেরা ব্যবসা সৃষ্টি করেছে – মেলায় তাদেরকে নিয়ে একাংশ থাকতে হবে। ছেলেদের একটা অংশ, মেয়েদের এক অংশ হবে। এভাবে সবারটা দেখে আরো বুদ্ধি বের হবে।”

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির যৌথ উদ‍্যোগে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) এই মেলার আয়োজন করা হয়েছে।

এবারের বাণিজ্য মেলায় বিশ্বের সাতটি দেশের ১১টি প্রতিষ্ঠানসহ থাকছে মোট ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন।

এবারের মেলায় জুলাই-অগাস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে জুলাই চত্বর, ছত্রিশ চত্বর রাখা হয়েছে। সেইসাথে তরুণ সমাজকে রফতানি বাণিজ্যে উদ্বুদ্ধকরণে তৈরি করা হয়েছে ইয়ুথ প্যাভিলিয়ন। এবারের মেলায় থাকছে ই-টিকিটের ব্যবস্থা।

মেলা মাসব্যাপী সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে রাত ১০টা পর্যন্ত।