www.HelloBangla.News – লাইফস্টাইল – ২২ জানুয়ারি, ২০২৫: কথিত আছে শীতকালে হাঁসের মাংসের রান্না অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি মজাদার। হাঁসের মাংস দিয়ে আজকাল তৈরি হচ্ছে বিভিন্ন ধরণের মজাদার রান্না। তেমনি একটি মজাদার রান্না হচ্ছে হাঁসের মাংসের মালাইকারি। আজ দেওয়া হলো এই রান্নার রেসিপি।
উপকরণ:
হাঁস মাংস-২ কেজি, নারকেলের দুধ-৪ কাপ, টক দই-১ কাপ, মিষ্টি দই-হাফ কাপ, চিনি-এক টেবিল চামচ, গরুর দুধের মালাই-১ কাপ, পেঁয়াজ কুচি-১ কাপ, পেঁয়াজ বাটা-আধা কাপ, আদা বাটা-৪ টেবিল চামচ, রসুন বাটা-২ টেবিল চামচ, জিরা বাটা-১ চা চামচ, বাদাম বাটা-২ টেবিল চামচ, পোস্তদানাবাটা-২ টেবিল চামচ, হলুদগুঁড়া-৬ চা চামচ, মরিচগুঁড়া-১ চা চামচ, গোলমরিচগুঁড়া ১ চা চামচ, গরম মসলার গুঁড়া-১ চা চামচ, জায়ফল জয়ত্রী গুঁড়া-হাফ চা চামচ, দারুচিনি ৬-৭ টুকরা, এলাচ-৬টি, লবঙ্গ-৬টি, তেজপাতা-৪টি, ঘি আধা কাপ, তেল আধা কাপ, লবণ পরিমাণমতো, কাঁচা মরিচ ৫-৬টি, বেরেস্তা আধা কাপ।
প্রণালি:
হাঁস পরিষ্কার করে চামড়াসহ টুকরাগুলো ধুয়ে পানি ঝরিয়ে দুধ, হলুদ ও লবন মেখে দুই ঘণ্টা রাখতে হবে। তারপর পাতিলে তেল ও ঘি গরম করে তাতে পেঁয়াজ বাদামি রঙে ভেজে সব বাটা মসলা দিয়ে ভালোভাবে মসলা কষিয়ে হাঁসের মাংস দিয়ে দিতে হবে। তারপর চুলার আঁচ কমিয়ে হাঁসের মাংসগুলো কষাতে হবে।
দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, মরিচ, গোলমরিচ, দই দিয়ে কিছুক্ষণ কষিয়ে ৪ কাপ নারকেলের দুধ ও ২ কাপ গরম পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে। মাংস সেদ্ধ না হলে আরও গরম পানি দিতে হবে। মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে গেলে বেরেস্তা, গরম মসলার গুঁড়া, জায়ফল-জয়ত্রী গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ রেখে তেলের ওপর এলে মালাই দিয়ে নামাতে হবে। হাঁসের গোস্তের মালাইকারি ছিটরুটি, নানরুটি, পরোটা, ভাত অথবা ভুনা খিচুড়ির সঙ্গে পরিবেশন করা যাবে।
