www.HelloBangla.News – রাজনীতি – ৩১ জানুয়ারি, ২০২৫: সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক দেবী রানী রায় এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মুস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে তাকে রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকার একটি বাসা থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী লালমনিরহাট আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে জানা যায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকায় অবস্থিত ডাকঘরের পেছনে একটি গলির মধ্যে তার নিকট আত্মীয়ের বাসায় আত্মগোপন করে আছেন। বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ আজ বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে সেন্ট্রাল রোড এলাকার তার আত্মীয়ের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, সাবেক এ মন্ত্রীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট এস এম মুন্না হত্যায় অভিযোগ আনা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার তিনি এক নম্বর আসামি। নিহত মুন্নার বাবা আব্দুল মজিদ বাদী হয়ে কোতোয়ালি মেট্রোপলিটন থানায় মামলাটি করেন।