www.HelloBangla.News আন্তর্জাতিক ১৭ জানুয়ারি, ২০২৫: হামাস শেষ মুহূর্তে চুক্তিতে পরিবর্তন আনতে চাইছে এমন অভিযোগ তুলে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনে মন্ত্রিসভার ভোট পিছিয়ে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার ইসরায়েলের মন্ত্রিসভায় এই ভোটাভুটি হওয়ার কথা ছিল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, একটি ‘অমীমাংসিত বিষয়ের’ সমাধান করা হচ্ছে এবং রবিবার (১৯ জানুয়ারি) যুদ্ধবিরতি শুরুর ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।

ইসরায়েলি প্রতিনিধিরা মাসের পর মাস আলোচনার মধ্য দিয়ে চুক্তিতে সম্মত হলেও সরকার এবং নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের আগ পর্যন্ত এটি কার্যকর করা যাবে না। চুক্তির ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে হামাস।তবে জানা গেছে হামাস চুক্তির অধীনে ফিলিস্তিনি বন্দিদের মুক্তির যে তালিকা করা হয়েছে তাতে তাদের কিছু সদস্যের নাম যুক্ত করার চেষ্টা করছিল।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করার হুমকি দিয়েছেন ইসরায়েলের কট্টরপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তিনি এ হুঁশিয়ারি দেন।

ইসরায়েলের ১২০ আসনের নেসেটে বেন-গাভিরের দল মাত্র ছয়টি আসন দখল করে আছে। ফলে তার সদস্যরা পদত্যাগ করলেও নেতানিয়াহুর সংসদীয় সংখ্যাগরিষ্ঠতায় কোনো ধরনের প্রভাব পড়বে না।

এদিকে বুধবার চুক্তির ঘোষণার আসার পরও গাজায় ইসরায়েলি হামলায় ৮০ জনের বেশি মানুষ নিহত হওয়ার কথা জানায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এই হামলার পর ভোট পেছানোর খবর আসে।

ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে জিম্মিমুক্তি বিষয়ে শেষ মুহূর্তের জটিলতা কাটিয়ে ওঠা এবং এ নিয়ে চুক্তি হওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ শুক্রবার এ কথা জানান তিনি। নেতানিয়াহুর আজকের এ বক্তব্যের আগে তার দপ্তর বলেছিল, গাজায় ১৫ মাসের যুদ্ধের ইতি টানতে একটি যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার বিষয়টি শেষ মুহূর্তের জটিলতায় আটকে গেছে।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, জটিলতার অবসান ঘটায় আজই তিনি তার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক ডাকছেন। এরপর দীর্ঘ প্রতীক্ষিত ওই যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেবে সরকার।

গাজায় ১৫ মাস ধরে চলা সহিংসতার পর যুদ্ধবিরতি চুক্তি রোববার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আগে ছয় সপ্তাহের প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। ।ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৬ হাজার ৮০০ জনে পৌঁছেছে। এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।