www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩১ জানুয়ারি, ২০২৫: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির পটোম্যাক নদীতে একটি বিমান ও সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। এ সময় বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষে কর্মী স্বল্পতা এবং অন্যান্য সম্ভাব্য ত্রুটির বিষয়ে তদন্ত চলছে। সাধারণত এই অঞ্চলে হেলিকপ্টার ও বিমানের চলাচল নিয়ন্ত্রণের জন্য দুজন কর্মী দায়িত্বে থাকেন, কিন্তু দুর্ঘটনার সময় মাত্র একজন কর্মী দায়িত্বে ছিলেন বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
স্থানীয় সময় গত বুধবার রাতে ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের এই দুর্ঘটনাটি ঘটে। হেলিকপ্টারে তিনজন মার্কিন সেনা ছিলেন। আর আমেরিকান এয়ারলাইন্সের ওই উড়োজাহাজে ৬০ জন যাত্রী ও চার জন ক্রু সদস্য ছিলেন।
ওয়াশিংটনের দমকল বাহিনীর প্রধান জন ডনেলি জানান, এ পর্যন্ত ২৮ জনের মরদেহ পাওয়া গেছে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের মনে হয় না কেউ এ দুর্ঘটনায় বেঁচে আছেন।
বৃহস্পতিবার হোয়াইট হাউজের ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করেন। তিনি বলেন, আমরা কেবল কল্পনা করতে পারি আপনারা কী ভয়াবহ যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন। আমাদের হৃদয়ও আপনাদের সঙ্গে ভেঙে গেছে। ট্রাম্প দুর্ঘটনার কারণ সম্পর্কে অনুমান করে বলেন, ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন পূর্ববর্তী প্রশাসনের সময় এফএএ-তে এয়ার ট্রাফিক কন্ট্রোলার নিয়োগের মান কমে যাওয়া এই দুর্ঘটনার একটি কারণ হতে পারে। তবে তিনি কোনও প্রমাণ উপস্থাপন করেননি।
হেলিকপ্টারটি ছিল একটি সিকোর্স্কি এইচ-৬০, যা ভার্জিনিয়ার ফোর্ট বেলভোয়ার থেকে উড্ডয়ন করেছিল। এটি ১২তম এভিয়েশন ব্যাটালিয়নের বি কোম্পানির অন্তর্ভুক্ত ছিল। নতুন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেন, এটি একটি ট্র্যাজেডি, বেসামরিক বিমানে থাকা ৬৪ জন এবং ব্ল্যাক হক হেলিকপ্টারে থাকা তিন সৈন্যের ভয়াবহ জীবনহানি ঘটেছে।
নতুন পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, এটি ছিল একটি পরিষ্কার রাত, পাইলটরা ছিলেন অভিজ্ঞ। সংঘর্ষের আগে সবকিছু ছিল স্বাভাবিক। কিন্তু এর পরেও দুর্ঘটনাটি ঘটেছে।