www.HelloBangla.News – জাতীয় – ৭ জানুয়ারি, ২০২৫: ফরিদপুরে রেলক্রসিংয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। তিনজন ঘটনাস্থলে ও বাকি দুইজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত হয়।
আজ মঙ্গলাবর (৭ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে ফরিদপুর সদরের গেরদা এলাকায় রাজবাড়ী-ভাঙ্গা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ওই মাইক্রোবাসে চালকসহ মোট ৯ জন ছিলেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
জানা গেছে, একটি মাইক্রোবাসে (হাইস) ১০ থেকে ১১ যাত্রী রেলক্রসিং পার হওয়ার সময় ফরিদপুর থেকে ঢাকামুখী মধুমতি এক্সপ্রেসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহতদের হাসপাতালে পাঠানোর পর আরও দুজন মারা যান।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডমাস্টার আতিয়ার রহমান বলেন, হাসপাতালে দুজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মাইক্রোবাসের চালকও রয়েছেন।