www.HelloBangla.News – রাজনীতি – ১৪ জানুয়ারি, ২০২৫: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের কোনও বিকল্প নেই, এটা গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য এ বছরে মাঝামাঝি সময়ে অর্থাৎ জুলাইয়ের মধ্যেই নির্বাচন সম্ভব। এজন্য সরকারকে নির্বাচন কমিশনকে এবং রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাচ্ছি। এ বছরের মাঝামাঝি সময়ের মধ্যে আমরা নির্বাচনের ব্যবস্থা নিতে পারি।
আজ মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনার বিষয় তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।
বিএনপির মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টার নির্বাচন বিষয়ের বক্তব্য নিয়ে আলোচনা হয়েছে দীর্ঘক্ষণ। আমরা মনে করি এত বিলম্ব করার কোন কারণ নেই। ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, দেশেও স্থিতিশীলতা আসছে, এই মাসের মধ্যেও সংস্কার কমিটির রিপোর্ট চলে আসবে। একটি দেশে গণতন্ত্র হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
মির্জা ফখরুল ইসলাম বলেন, “বিএনপি মনে করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের আয়োজন করার প্রয়োজন নেই। এর ফলে জাতীয় নির্বাচনের আরও দেরি হবে।”
নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর ভ্যাট, ট্যাক্স এবং গ্যাসের দাম বাড়ানোর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “এর ফলে জনদুর্ভোগ বাড়বে।”
সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসরা নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “আগামী দুই একদিনের মধ্যে আরেকটি সংবাদ সম্মেলন করে বিস্তারিত আলোচনা করা হবে। সেজন্য স্থায়ী কমিটির সদস্য ড মঈন খানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।”
এসময় আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।