www.HelloBangla.News – খেলাধুলা – ১১ জানুয়ারি, ২০২৫: অনেকটা নাটকীয়ভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দু’দিন আগেও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তাকে পাওয়া নিয়ে অপেক্ষার কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের সেই অনিশ্চয়তা কেটেছে তামিমের অবসরের ঘোষণায়।
শুক্রবার দিবাগত গভীর রাতে নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর, আমি চাই না আমাকে ঘিরে আবার অলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক।’
বলার অপেক্ষা রাখে না তামিম ভক্তদের মন বিষাদে ভরে গেছে। প্রিয় তারকা আর দেশের হয়ে কোনো ফরম্যাটে খেলবেন না, তা ভাবতেই তাদের চোখে পানি চলে আসছে। শুধু তামিম ভক্তদের কথা বলা কেন, বাংলাদেশের প্রতিটি ক্রিকেট অনুরাগীই তামিমের এ ফেসবুক পোস্ট দেখে মর্মাহত। তারাও দেশের ক্রিকেট ইতিহাসের এক নম্বর ওপেনারের জাতীয় দলে আর না ফেরার ঘোষণাকে মন থেকে মানতে পারছেন না।
ভক্তদেরও আশা ছিল অন্তত আরও বছর খানেক আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাবেন তামিম। সাম্প্রতিক সময় এনসিএল টি-টোয়েন্টি ও চলতি বিপিএলে তামিমের ব্যাটিং দেখেও মনে হয়েছে আরও কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর্যাপ্ত সামর্থ্য ছিল তামিমের।
বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় তামিমের জাতীয় দল থেকে অবসরের ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে অর্থে বড় ধরনের কোনো প্রতিক্রিয়া হয়নি। বেশির ভাগ ক্রিকেট অনুরাগীর প্রতিক্রিয়া হলো, তামিমের জাতীয় দলে না ফেরার ঘোষণা কোনো নতুন খবর নয়। আমরা এমন খবরই শোনার অপেক্ষাতেই ছিলাম।
এটাকে মোটেই বাড়াবাড়ি ভাবার কারণ নেই। কারণ, সাম্প্রতিক সময়ে তামিমের কথা-বার্তায় ফুটে উঠেছিল তিনি আর জাতীয় দলে ফিরবেন না।
এই বিপিএল শুরুর ঠিক আগের দিন, মানে গেল ২৯ ডিসেম্বর শেরে বাংলার প্রেস কনফারেন্স রুমে বসে সংবাদ সম্মেলনে তামিম আভাস দিয়েছিলেন জাতীয় দলে না ফেরার।
সেই সংবাদ সম্মেলনে জাতীয় দলে ফেরা নিয়ে কথা বলতে গিয়ে এক পর্যায়ে তামিম বলেই ফেলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা বহুদূরে, তিনি নিজ থেকে কিংবা বোর্ডের কেউ তার সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কোনো কথা বলেননি।
আজ বিসিবি’র অফিসিয়াল ফেসবুক পেজে তামিমের ছবি গ্রাফিক্স করে কাভারে রেখেছে বিসিবি। সঙ্গে একটি পোস্টও দিয়েছে তারা। ক্যাপশনে লিখেছে, ‘বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের মাধ্যমে সমাপ্তি ঘটেছে এক অসাধারণ অধ্যায়ের। অগণিত স্মরণীয় মুহূর্ত আর দারুণ সব সেঞ্চুরিতে আপনি ক্রিকেটভক্তদের হৃদয়ে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবেন। ’