www.HelloBangla.Newsঅর্থনীতি২২  জানুয়ারি, ২০২: ওষুধ, রেস্তোরাঁ, মোবাইলফোন-ইন্টারনেট ও ওয়ার্কশপ মোবাইল সেবায় বর্ধিত ভ্যাট প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।  আজ বুধবার (২২ জানুয়ারি) সংস্থাটির জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

এনবিআর থেকে বলা হয়, গত ৯ই জানুয়ারি সরকার ভ্যাট আইন সংশোধন করে কিছু পণ্যের ওপর ভ্যাট আরোপ করেছিল। পরে নাগরিক সমাজ ও বিভিন্ন পেশাজীবিদের অনুরোধ ও বৃহত্তর জনস্বার্থে এই বর্ধিত ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওষুধ শিল্পের ওপর ব্যবসায়িক পর্যায়ে বৃদ্ধিকৃত ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করে পূর্বের হার ২.৪% বলবৎ রাখা হয়েছে।

এছাড়া মোবাইল ফোনের সিম/রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার উপর বর্ধিত সম্পূরক শুল্ক এবং আইএসপি সেবার উপর নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

প্রজ্ঞাপনে এনবিআর জানিয়েছে থ্রি-স্টার, ফোর-স্টার এবং ফাইভ স্টার হোটেল ব্যতীত অন্য সকল রেস্তোরাঁয় অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে।

মোটর গাড়ীর গ্যারেজ ও ওয়ার্কশপ সেবার ক্ষেত্রে বৃদ্ধিকৃত ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহারের সিদ্ধান্তের কথাও প্রজ্ঞাপনে জানায় এনবিআর।

এছাড়াও নন এসি হোটেল, মিষ্টান্ন ভান্ডার, ও নিজস্ব ব্রান্ডের তৈরি পোশাক বিপণন এর ক্ষেত্রে সেবার ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।