www.HelloBangla.News – খেলাধুলা – ৩১ জানুয়ারি, ২০২৫: অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল নেইমার সান্তোসে ফিরছেন। অনেকের কাছে বিষয়টি সত্য মনে হয়নি কিন্তু এবার সান্তোসে ফেরার কথা নিশ্চিত করে জানালেন নেইমার নিজে। জানালেন, ‘সান্তোসের সঙ্গে চুক্তিতে সই করবো আমি।’ তিনি আরও জানিয়েছেন, সান্তোসেই পেয়ে থাকেন প্রকৃত ভালবাসা।
ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে ৩২ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা নেইমার সান্তোসে ফেরার ব্যাপারটি নিশ্চিত করার পাশাপাশি অতীতের কিছু ছবিও পোস্ট করেন। সেখানে লিখেছেন, ‘সান্তোস ফুটবল ক্লাবের চুক্তিপত্রে আমি সই করব। ক্লাবটি ও তাদের সমর্থকদের প্রতি আমার ভালোবাসা কখনো পাল্টায়নি।’
নেইমারের পোস্টে সান্তোসের হ্যান্ডল থেকে উত্তর দেওয়া হয়, ‘তোমার ঘর তোমার অপেক্ষায়। তোমার মানুষেরা তোমার অপেক্ষায়।’
২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত সান্তোসের বয়সভিত্তিক দলে খেলেছেন নেইমার। এরপর চার বছর খেলেছেন ক্লাবটির মূল দলে। ২০১৩ সালে এই সান্তোস থেকেই বার্সেলোনায় নাম লিখেন নেইমার।
প্রায় একযুগ ইউরোপ এবং এশিয়ায় কাটিয়ে আবার ফিরছেন নিজের শৈশবের ক্লাবে। নেইমার বলেন, ‘সান্তোস একমাত্র ক্লাব, যারা প্রকৃতই আমি যেমন চাই তেমন ভালবাসা উপহার দিতে পারে। আগামী বছরের (২০২৬ বিশ্বকা) জন্য আমি যে চ্যালেঞ্জ নিতে চাই, সেই চ্যালেঞ্জ জয় করার জন্যও এই ক্লাবটি আমার জন্য আদর্শ।’
২০১৭ সালের গ্রীষ্মে পিএসজির কাছে ২২২ মিলিয়ন ইউরোতে নেইমারকে বিক্রি করেছিল বার্সা। যা ফুটবলবিশ্বে এখনও বড় চুক্তিগুলোর একটি। পরে ফ্রান্স ছেড়ে তিনি যোগ দেন সৌদি ক্লাব আল-হিলালে। সেখানে চোটের কারণে লম্বা সময় ছিলেন মাঠের বাইরে। ক্লাবটির জার্সিতে খেলতে পারেন মোটে ৭ ম্যাচ। নিজেকে যেন হারিয়ে খুঁজছিলেন তিনি। তাই, নেইমারের সান্তোসে ফেরাকে দেখা হচ্ছে ব্রাজিলের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম সেরা প্রত্যাবর্তন হিসেবে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয় স্থানীয় সংগীতশিল্পীদের নিয়ে কনসার্ট আয়োজনের মাধ্যমে নেইমারকে নিজেদের সমর্থকদের সামনে উপস্থাপন করবে ব্রাজিলিয়ান শীর্ষ লিগের ক্লাবটি।