www.HelloBangla.News – অর্থনীতি – ২৭ জানুয়ারি, ২০২৫: আমরা বাড়তি ভ্যাট নিয়ে জনগণের জন্য কাজ করছি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “আমরা বাড়তি ভ্যাট নিয়ে মাতারবাড়ি পোর্ট করছি, নানা উন্নয়ন প্রকল্পে টাকা খরচ করছি। আমরা ভ্যাট নিয়ে নিজের পকেট ভারী করব না, জনগণের জন্য কাজ করছি।”
আজ সোমবার (২৭ জানুয়ারি) নগরীর এনইসি সম্মেলন কক্ষে রিফর্মস ইন কাস্টমস ইনকাম ট্যাক্স অ্যান্ড ভ্যাট ম্যানেজমেন্ট টু অ্যাড্রেস দ্য এলডিসি গ্রাজুয়েশন শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, “বাড়তি ভ্যাট দিলেও অন্য দিক থেকে কিন্তু সুবিধা মিলবে। ব্যবসায়ীদের নানান খাতে কয়েকটি জায়গায় বাড়তি টাকা দিতে হবে না। শুধু ভ্যাটেই সীমাবদ্ধ থাকবে, আমরা সে কাজই করছি।”
গুরুত্বপূর্ণ কিছু সংস্কার করে যাব উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, “গুরুত্বপূর্ণ রিফর্মগুলো (সংস্কার) আমরা করব। আমার মনে আছে, ২০ হাজার টাকা ঘুষ দিয়ে এক সময় টেলিফোন লাইন নিয়েছিলাম। যাতে এমন করে ঘুষ না দিতে হয় সেজন্য আমরা রিফর্ম করে যাব।”
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “ট্যাক্স, পলিসি ও ভ্যাটের রিফর্ম করব। ভ্যাটের বিষয়ে অনেকে অনেক কথা বলছেন, আমরা রিফর্ম করব।”