www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২২ জানুয়ারি, ২০২৫: তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের বোলু পার্বত্য এলাকায় অগ্নিকাণ্ডের শিকার সেই স্কি রিসোর্টের কাছে গ্র্যান্ড কারতাল হোটেলে নিহত বেড়ে পৌঁছেছে ৭৬ জনে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ; তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আজ বুধবার (২২ জানুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া একথা জানিয়েছেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া স্থানিয় সময় মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে এক বার্তায় জানিয়েছেন এ তথ্য। তিনি আরও বলেন, নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে, তবে অনেকেই পুড়ে দগ্ধ হয়ে যাওয়ায় তাদের পরিচয় এখনও জানা যায় নি।
ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হওয়া সেই হোটেলটির নাম গ্র্যান্ড কারতাল হোটেল। বোলু পার্বত্য এলাকার কারতালকিয়া স্কি রিসোর্টের কাছেই হোটেলটির অবস্থান। এ অঞ্চলটি তুরস্কের শীতকালীন পর্যটন অঞ্চল হিসেবে বেশ জনপ্রিয়।
ঘটনার পরই আলি ইয়েরলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছিলেন, কার্তালকায়া স্কি রিসোর্টে কাঠের তৈরি ১২ তলা হোটেলে স্থানীয় সময় সোমবার দিনগত রাত ৩টা ২৭ মিনিটে আগুন লেগে যায়। আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে ও ভয়ংকর হয়ে ওঠে।
বোলুর গভর্নর আব্দুল আজিজ আইদিন বলেছেন, প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে যে হোটেলের চতুর্থ তলার রেস্তোরাঁ অংশে আগুন লেগেছে ও উপরের তলায় ছড়িয়ে পড়েছে। তিনি আরও জানান, কার্তালকায়ায় অবস্থিত হোটেল এবং বোলুর কেন্দ্রস্থলের মধ্যে দূরত্ব ও ঠান্ডা আবহাওয়ার কারণে দমকল বাহিনীর পৌঁছাতে এক ঘন্টারও বেশি সময় লেগেছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার সময় হোটেলটিতে ২৩৪ জন অবস্থান করছিলেন। এদের মধ্যে শতকরা ৮০ থেকে ৯০ শতাংশ বর্তমানে স্কুল বন্ধ থাকায় অবকাশ কাটাতে সেখানে গিয়েছিলেন।